আন্তর্জাতিক, ভারত

চীনের তৈরি রোবটকে নিজেদের বলে চালালো ভারতীয় বিশ্ববিদ্যালয়!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের গ্রেটার নয়ডার গালগোটিয়াস ইউনিভার্সিটি চীন থেকে কেনা একটি রোবটকে নিজেদের উদ্ভাবন হিসেবে দাবি করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই এক্সপো’ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বুথ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিদেশের তৈরি পণ্যকে দেশি প্রযুক্তি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে গালগোটিয়াস ইউনিভার্সিটিকে অবিলম্বে এআই সামিট এক্সপো ত্যাগ করতে বলা হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক্সপোর দ্বিতীয় দিনে, যখন বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষক একটি রোবটকে তাদের নিজস্ব উদ্ভাবন হিসেবে দর্শকদের সামনে তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়টি রোবট কুকুরটির নাম দিয়েছিল ‘অরিয়ন’ এবং দাবি করেছিল, এটি তাদের নিজস্ব ‘সেন্টার অব এক্সিলেন্স’-এ তৈরি করা হয়েছে। এমনকি ভারত সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডল থেকেও এই রোবটের ভিডিও শেয়ার করা হয়েছিল, যা বিষয়টিকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।

 

তবে ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা রোবটটিকে শনাক্ত করতে সক্ষম হন। অনুসন্ধানে দেখা যায়, এটি আসলে চীনা রোবোটিকস কোম্পানি ‘ইউনিট্রি’-এর তৈরি ‘ইউনিট্রি গো২’ মডেলের একটি রোবট, যার বাজারমূল্য প্রায় ১ হাজার ৬০০ ডলার। নেটিজেনরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেন, রোবটটির গায়ে আসল প্রস্তুতকারক কোম্পানির ব্র্যান্ডিং পর্যন্ত মোছা হয়নি। অথচ এর আগে বিশ্ববিদ্যালয়টি ঢাকঢোল পিটিয়ে দাবি করেছিল যে, তারা এআই গবেষণার জন্য ৩৫০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে।

 

প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে গালগোটিয়াস ইউনিভার্সিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি বিবৃতি পোস্ট করে তাদের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে আসে। নতুন বিবৃতিতে তারা দাবি করেছে যে, এই রোবট কুকুরটি তারা তৈরি করেনি এবং তারা এমন দাবিও কখনও করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বর্তমান ভাষ্যমতে, শিক্ষার্থীদের অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি ক্যাম্পাসে নিয়ে এসেছে এবং এই রোবটটিও শেখার অংশ হিসেবে সম্প্রতি কেনা হয়েছে। 

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন