আন্তর্জাতিক

চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় তেল শোধনাগারগুলো ইরান থেকে কেনা জ্বালানি তেলের দাম মেটাচ্ছে চীনের মুদ্রা ইউয়ানে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন সম্পন্ন হচ্ছে বলে একাধিক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

ইরান যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে গত মাসে সমুদ্রে তেল কেনাবেচার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র। সেই সুযোগ কাজে লাগিয়েই চীনের মুদ্রায় তেল কিনছে নয়াদিল্লি। 

 

জানা গেছে, প্রায় ৯ বছর পর চলতি মাসের শুরুতে ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার 'ইন্ডিয়ান অয়েল করপোরেশন', যার বাজারমূল্য প্রায় ২০ কোটি ডলার। পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য আনা ইরানি তেলবাহী চারটি জাহাজকেও ভিড়তে দিয়েছে ভারত। এর মধ্যে 'এমটি ফেলিসিটি' নামের একটি জাহাজ থেকে ইতিমধ্যে তেল খালাসও করা হয়েছে।

 

ইন্ডিয়ান অয়েল করপোরেশন এবং রিলায়েন্স, উভয় প্রতিষ্ঠানই আইসিআইসিআই ব্যাংকের সাংহাই শাখার মাধ্যমে বিক্রেতাদের কাছে তেলের দাম পরিশোধ করছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের কাছে কোনো মন্তব্য করেনি। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার কারণে মূল্য পরিশোধে জটিলতা থাকায় অনেক ক্রেতা ইরানি তেল কেনায় আগ্রহ দেখাচ্ছেন না।

 

এদিকে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট গত বুধবার জানিয়েছেন, তেলের মূল্যবৃদ্ধি ঠেকাতে দেওয়া এই নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। ফলে ইরানের তেল কেনায় ভারতের পাওয়া এই বিশেষ ছাড় আজ রোববার থেকেই শেষ হচ্ছে।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন