চীনে বিপুল সংখ্যক বিশ্ববিদ্যালয় স্নাতকের শ্রমবাজারে প্রবেশের ফলে তরুণদের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত জুলাই মাসে ১৬ থেকে ২৪ বছর বয়সীদের (শিক্ষার্থী ছাড়া) বেকারত্বের হার জুনের ১৪.৯ শতাংশ থেকে লাফিয়ে ১৭.৯ শতাংশে পৌঁছেছে।
এই গ্রীষ্মে রেকর্ড প্রায় ১ কোটি ২৭ লাখ শিক্ষার্থী স্নাতক শেষ করে চাকরির বাজারে প্রবেশ করেছেন। কিন্তু ধীরগতির অর্থনীতি এবং অনেক কোম্পানির কর্মী ছাঁটাই ও নতুন নিয়োগ বন্ধ থাকায় কাজের সুযোগ কমে গেছে। পরিস্থিতি মোকাবিলায় চীন সরকার কোম্পানিগুলোকে ভর্তুকি দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত ও কমিউনিটি পর্যায়ের চাকরিতে স্নাতকদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে, চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে স্নাতকোত্তর ডিগ্রির দিকে ঝুঁকছেন কিংবা সরকারি চাকরির চেষ্টা করছেন। পরিসংখ্যান অনুযায়ী, ২৫ থেকে ২৯ বছর বয়সীদের বেকারত্বের হারও বেড়ে ৭.২ শতাংশ হয়েছে এবং চীনের সামগ্রিক শহুরে বেকারত্বের হার এখন ৫.২ শতাংশ।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ডিবিসি/এসভিএন