আন্তর্জাতিক

চীনে পাহাড়ি দোলনা ছিঁড়ে নারী পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের হুয়াইং পৌরসভায় একটি অ্যাডভেঞ্চার পার্কে ‘ক্লিফ সুইং’ বা পাহাড়ের চূড়ার দোলনা থেকে পড়ে এক তরুণী পর্যটকের মৃত্যু হয়েছে। নিরাপত্তা দড়ি ঠিকমতো বাঁধা হয়নি বলে ওই পর্যটক বারবার সতর্ক করলেও সংশ্লিষ্ট কর্মীরা তা উপেক্ষা করায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অ্যাডভেঞ্চার রাইডগুলোতে নিরাপত্তা তদারকি বাড়ানোর দাবি ওঠে।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, গত ৩ মে মালিয়ুয়ান এক্সপিডিশন পার্কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম লিউ, যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। রাইডটি ১৬৮ মিটার উঁচু একটি জলপ্রপাতের পাশের প্ল্যাটফর্মে অবস্থিত ছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লিউ হেলমেট ও নিরাপত্তা দড়ি পরা অবস্থায় প্ল্যাটফর্মের প্রান্তে দাঁড়িয়ে ছিলেন এবং দড়িটি ঢিলেঢালা থাকায় তিনি চিৎকার করে বারবার সেটি ‘ঠিকমতো বাঁধা হয়নি’ বলে সতর্ক করছিলেন। কিন্তু দায়িত্বরত এক কর্মী তার কথা আমলে না নিয়েই তাকে ধাক্কা দিয়ে দোলনায় পাঠিয়ে দেন।

 

কর্তৃপক্ষ এই ঘটনাকে প্রতিষ্ঠানের ‘নিরাপত্তা জনিত অবহেলার কারণে সৃষ্ট দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করেছে। দুর্ঘটনার পর ৪ মে থেকে পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও পার্ক কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে যে, ‘অনিবার্য কারণে’ ১০ মে পর্যন্ত পার্কটি বন্ধ থাকবে এবং পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে বর্তমানে সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছে।

 

উল্লেখ্য, গত মার্চ মাসে চালু হওয়া এই রাইডটি নিয়ে এর আগে অনেক পর্যটকই তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তবে এই মর্মান্তিক দুর্ঘটনার পর বর্তমানে পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার ভয়াবহতার প্রেক্ষাপটে অ্যাডভেঞ্চার রাইডগুলোর পরিচালনা পদ্ধতি এবং কর্মীদের দায়িত্ববোধ নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে।

 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন