আন্তর্জাতিক

চীনে বন্যায় ভেসে গেল খামারের ৯০০ সাপ, আতঙ্কে গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজি ঝুয়াং অঞ্চলের হেংঝৌ শহরের একটি গ্রামে বন্যার পানিতে একটি সাপের খামার তলিয়ে যাওয়ার পর সেখান থেকে শত শত সাপ পালিয়ে গেছে। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে একটি স্থানীয় জলাধারের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হলে খামারটি ক্ষতিগ্রস্ত হয়

ইউনবিয়াও টাউনশিপের দেংউই গ্রাম কমিটির প্রধান উ ঝি জানান, পালিয়ে যাওয়া সাপগুলোর অধিকাংশই অবিষাক্ত এবং এর বড় অংশই বন্যার পানিতে ভেসে গেছে। তবে কিছু সাপ ভাসমান আবর্জনার ওপর আশ্রয় নিয়েছে। ইতোমধ্যে সাপের কামড়ের শিকার হয়ে এক গ্রামবাসী হাসপাতালে জরুরি চিকিৎসা নিচ্ছেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাসেবী দল গঠন করেছেন। মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তারা সাপ ধরার কাজ চালিয়ে যাচ্ছেন। তবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে অনভিজ্ঞ সাধারণ মানুষকে সাপ ধরার চেষ্টা করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

 

এমন পরিস্থিতে জরুরি চিকিৎসা প্রস্তুতি জোরদার করেছে স্থানীয় কর্তৃপক্ষ। অ্যান্টিভেনমের মজুত বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের আনা হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধারকারী টহল দল কাজ করছে এবং সাপে কাটা রোগীদের দ্রুত ও নিশ্চিত সেবা দিতে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র এবং বিশেষ ফাস্ট-ট্র্যাক ব্যবস্থা চালু করা হয়েছে।

 

মাইক, উইচ্যাট ও বাড়ি বাড়ি গিয়ে জনগণকে সতর্ক করছে স্থানীয় প্রশাসন। রাতে বাইরে বের হতে এবং ঝোপঝাড় বা বন্যার পানির কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। সাপে কাটলে বিষ চুষে বের করা, ক্ষতস্থান কাটা বা ভেষজ ওষুধ লাগানোর মতো ক্ষতিকর প্রাথমিক চিকিৎসা এড়িয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

সিনহুয়ার তথ্যমতে, টাইফুন মায়সাকের কারণে গুয়াংজিতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছয়জন নিহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগ মোকাবিলায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গুয়াংজির জন্য অতিরিক্ত ৩৬ হাজারেরও বেশি ত্রাণসামগ্রী বরাদ্দ করেছে।

 

সূত্র: সিজিটিএন

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন