আন্তর্জাতিক

চীনে ভুল করে বাসার ট্যাপ খুলে রাখায় পুরো এলাকা হলো স্কেটিং খেলার মাঠ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চীনের লানঝৌ শহরে এক নারীর সামান্য অসতর্কতায় পুরো একটি আবাসিক এলাকা রাতারাতি বরফের স্কেটিং মাঠে পরিণত হওয়ার ঘটনা ঘটেছে। হাড়কাঁপানো শীতে প্রায় নয় ঘণ্টা ধরে ট্যাংক থেকে পানি বের হতে থাকায় সৃষ্টি হয় এই পরিস্থিতি।

লানঝৌয়ের বাসিন্দা ওয়াং গত রাতে গোসল করার পর তার সোলার ওয়াটার হিটারের কল বন্ধ করতে ভুলে যান। শহরের তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় ছাদের ট্যাংক থেকে চুইয়ে পড়া পানি দ্রুত জমে বরফে পরিণত হয়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখতে পান তাদের যাতায়াতের রাস্তাটি বিশাল এক বরফের আস্তরণে ঢাকা পড়ে গেছে। 

 

ওয়াংয়ের বাবা ভোর ছয়টার দিকে প্রথম বিষয়টি লক্ষ্য করেন। প্রথমে তিনি অন্য কারো বাসার ত্রুটি মনে করলেও দ্রুতই বুঝতে পারেন পানি আসলে তাদের নিজস্ব কল থেকেই বের হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ওয়াংয়ের পরিবার দ্রুত তৎপরতা শুরু করে। তার মা স্থানীয় দোকানগুলোর সমস্ত লবণ কিনে এনে বরফ গলানোর চেষ্টা করেন। ওয়াং এবং তার বাবা সরাসরি রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন। 

 

পরবর্তীতে সম্পত্তি ব্যবস্থাপনা কর্মীরাও তাদের সাথে যোগ দিয়ে রাস্তা চলাচলের উপযোগী করেন। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ১৬ জানুয়ারি একটি ভিডিও বার্তার মাধ্যমে প্রতিবেশী ও স্থানীয়দের কাছে ক্ষমা চেয়েছেন ওয়াং। 

 

ভিডিওতে তিনি নিজের ভুলের কথা স্বীকার করে বলেন, তার কারণেই এলাকায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। একইসাথে বাজারে লবণের কৃত্রিম সংকট তৈরির জন্যও তিনি দুঃখ প্রকাশ করেন। বাবার বকুনি ও নিজের লজ্জিত হওয়ার কথা জানিয়ে তিনি ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেন।

 

সূত্র: সাউথ চায়না মর্নিং পোষ্ট

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন