উচ্চ-গতির রেল প্রযুক্তিতে চীনের উদ্ভাবনের প্রতীক হিসেবে শীঘ্রই বাণিজ্যিক যাত্রা শুরু করতে যাচ্ছে বুলেট ট্রেন, যা ভ্রমণকে আরও দ্রুত, পরিবেশ-বান্ধব এবং কার্যকর করে তুলবে।
বিশ্বের দ্রুততম উচ্চগতির এই ট্রেনের প্রোটোটাইপের পরীক্ষামূলক পরিচালনা শুরু করেছে চীন। বেইজিংয়ের রিং রেলওয়েতে এখনও এর পরীক্ষামূলক পরিচালনা চলছে। তবে বাণিজ্যিকভাবে চলাচলের সময় এর সর্বোচ্চ গতি নির্ধারিত হবে প্রতি ঘণ্টায় ৪০০ কিলোমিটার। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে।
ট্রেনটির নির্মাতা প্রতিষ্ঠান সিআরআরসি করপোরেশন লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট ওয়াং ফেং জানিয়েছেন, সিআর-৪৫০ উচ্চগতির ট্রেনে প্রযুক্তিগত বিশাল পরিবর্তন আনা হয়েছে। তত্ত্ব, প্রযুক্তি, যন্ত্রপাতি, মানদণ্ড ও পরিচালন ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই নতুন মানদণ্ড স্থাপন করেছে এই ট্রেন।
নজিরবিহীন গতি অর্জনের জন্য প্রকৌশলীরা ট্রেনটির ট্র্যাকশন পাওয়ার (ট্রেনে বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা) উন্নত করেছেন। ডায়নামিক পারফরম্যান্স বা গতিশীল অবস্থায় ট্রেনটিতে যাবতীয় পরিবর্তন পরিমাপের বিষয়টিতেও অগ্রগতি আনা হয়েছে। এ ছাড়া প্যান্টোগ্রাফ সিস্টেম বা বৈদ্যুতিক লাইন থেকে যে ব্যবস্থার মাধ্যমে একটি ট্রেনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেটাতেও লেগেছে অত্যাধুনিকতার ছোঁয়া।
ওয়াংয়ের ভাষায়, ট্রেনটিতে ব্যবহৃত হয়েছে ওয়াটার-কুলড পারমানেন্ট ম্যাগনেট ট্র্যাকশন সিস্টেম, নতুন প্রজন্মের উচ্চ স্থিতিশীলতা বগি এবং একাধিক উদ্ভাবনী সিস্টেম। যার ফলে দীর্ঘ সময় উচ্চগতিতে চলাচলেও এটি স্থিতিশীল থাকে।
তিনি জানিয়েছেন, নিরাপত্তার ক্ষেত্রেও সিআর-৪৫০ এক ধাপ এগিয়ে। এতে রয়েছে মাল্টিলেয়ার ইমার্জেন্সি ব্রেক নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং চার হাজারেরও বেশি অনবোর্ড মনিটরিং সেন্সর, যা চলমান অবস্থায় ট্রেনের গিয়ার, পুরো ট্রেন, হাইভোল্টেজ প্যান্টোগ্রাফ, ট্রেন নিয়ন্ত্রণ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা সবকিছুই তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে।
এ ছাড়া ওভার দ্য হরাইজন শনাক্তকরণ ব্যবস্থাও যুক্ত হয়েছে এতে। এই ব্যবস্থা ট্রেনের সামনে ট্র্যাকের জরুরি পরিস্থিতি আগেভাগে শনাক্ত করতে সাহায্য করে।
ডিবিসি/এমইউএ