মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেছেন যে, চীনও চায় না ইরান কোনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হোক। ইরান যুদ্ধ এবং উদ্ভূত উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি তার চীনা সমকক্ষ শি জিনপিংকে স্পষ্টভাবে বলেছেন যে ইরানকে নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে চীনকেও ‘সাহায্য’ করছে।
ট্রাম্প আরও একটি বড় তথ্য সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট শি জিনপিং তাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে চীন ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র সরবরাহ করবে না। ট্রাম্প এই প্রতিশ্রুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি "বড় ঘোষণা" হিসেবে অভিহিত করেছেন। তবে সামরিক সহযোগিতা বন্ধের বিষয়টি ইতিবাচক হলেও ইরানের ওপর চীনের অর্থনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ভিন্ন চিত্র উঠে এসেছে।
ট্রাম্পের ভাষ্যমতে, শি জিনপিং একই সাথে এটিও পরিষ্কার করেছেন যে চীন তাদের প্রয়োজনীয় তেলের একটি বড় অংশ ইরান থেকে সংগ্রহ করে এবং তারা ভবিষ্যতে এই তেল আমদানি চালিয়ে যেতে আগ্রহী। মূলত পারমাণবিক ও সামরিক ইস্যুতে কঠোর থাকলেও জ্বালানি ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চীনের অবস্থান যে নমনীয়, ট্রাম্পের বক্তব্যে সেই বিষয়টিই ফুটে উঠেছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/পিআরএএন