সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২টি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, চীনের পক্ষে নেতৃত্ব দেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
দুই নেতার উপস্থিতিতেই দুই দেশের প্রতিনিধিরা চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তবে চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বিস্তারিত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে সকালে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশে বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। তার এই বক্তব্যের পরই চীনের সঙ্গে এই বড় ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতি হলো।
বেইজিংয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন।
এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনৈতিক মহল।
ডিবিসি/এসএফএল