যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 'গঠনমূলক' একটি নতুন দ্বিপাক্ষিক সম্পর্কে পৌঁছানোর কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের দ্বিতীয় দিনেও তার সঙ্গে দেখা করেছেন তিনি। শুক্রবার (১৫ মে) সকালে ট্রাম্পকে জংনানহাই লিডারশিড কম্পাউন্ড ঘুরে দেখান শি, যেখানে তিনিসহ চীনের শীর্ষ নেতারা বসবাস করেন ও সেখান থেকে কাজকর্ম পরিচালনা করেন। দুই নেতাকে এসময় বেশ হাসিখুশি ও কিছুটা হালকা মেজাজে দেখা যায়।
হেঁটে হেঁটে ঘোরার সময় শি বলেন, এই জায়গাটি একসময় সম্রাটের উদ্যানের অংশ ছিল, এই প্রাঙ্গণে প্রচুর ইতিহাস রয়েছে।" তিনি আরও যোগ করেন, হাঁটার সময় তারা যে গাছটি দেখেছেন, সেটির বয়স ৪৯০ বছর।
হাঁটার সময় একপর্যায়ে ট্রাম্প বলেন, এগুলোই কারও দেখা সবচেয়ে সুন্দর গোলাপ। এ সময় শি জানান, বাগানে তারা যে চীনা গোলাপ দেখেছেন, তার বীজ তিনি ট্রাম্পকে উপহার হিসেবে পাঠাবেন। জবাবে ট্রাম্প বলেন, আমার এটি খুব পছন্দ হয়েছে, এটি দারুণ।
পরে চায়ের ঘরের দিকে যাওয়ার সময়ও ট্রাম্পকে বলতে শোনা যায়, শি তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ দেবেন। জংনানহাই প্রাঙ্গণে ট্রাম্প ও শি'র হাঁটার সময় ধারণ করা একটি ভিডিওতে তাদের এই কথোপকথন শোনা গেছে।
ট্রাম্প ও শি তাদের দোভাষীদের সঙ্গে একটি বাগানে দাঁড়িয়ে থাকার সময় শি'র কাছে ট্রাম্প জানতে চান, আমি কি প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে পারি অন্য দেশ থেকে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যেমন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীদের, তিনি কি এখানে নিয়ে আসেন?
উত্তরে শি বলেন, খুবই কম। আমরা সাধারণত এখানে কূটনৈতিক আয়োজন করি না। যদিও এ ধরনের কিছু আয়োজন শুরু হয়েছে, তারপরও এটি এখনো অত্যন্ত বিরল।
সূত্র: বিবিসি বাংলা
ডিবিসি/কেএলডি