বাংলাদেশ, জেলার সংবাদ

চীন সারা পৃথিবীতে শক্তিশালী দেশে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ঠাকুরগাও প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই জুন ২০২৬ ০২:০৯:১০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিন বদলাচ্ছে এবং উন্নত থেকে উন্নততর হয়ে আজ সারা বিশ্বে একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আজ শুক্রবার (১২ জুন) দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলী।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো জাতি কখনও এমনি এমনি উন্নত হতে পারে না। নিজেদের ঐকান্তিক চেষ্টা এবং শিক্ষার মাধ্যমে চীন আজ এই পর্যায়ে পৌঁছেছে। চীন নিজেদের জনগণের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছে উল্লেখ করে তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উন্নয়নেও চীন সমর্থন দিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে চীনের সহযোগিতা রয়েছে।

 

অনুষ্ঠানে শিশুদের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের নিয়ে কাজ করতে অত্যন্ত আগ্রহী। শিশুদের আরও বেশি লেখাপড়া শিখিয়ে তাদের উন্নত ভবিষ্যৎ গড়তে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন