যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় যেকোনো ধরনের অগ্রগতি ওয়াশিংটনের আচরণের 'পরিবর্তন'-এর ওপর নির্ভর করছে। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম।
আমিরি মোগাদাম বলেন, ইরান কূটনীতির পথ অনুসরণ করতে বদ্ধপরিকর। তিনি আরও জানান, সবকিছুই এখন নির্ভর করছে আমেরিকানদের ওপর। তার ভাষ্যমতে, তারা (যুক্তরাষ্ট্র) যদি আলোচনায় কোনো অগ্রগতি চায়, তবে তাদের অবশ্যই নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে।
রাষ্ট্রদূত আরও বলেন, গোটা বিশ্ব ইরানের যৌক্তিক ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছে, যেখানে ওয়াশিংটন প্রদর্শন করছে অস্থির আচরণ। তিনি জানান, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখনও অক্ষুণ্ণ রয়েছে। সেই সঙ্গে সাম্প্রতিক দিনগুলোতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নতুন আলোচনার পরিকল্পনা মার্কিন আলোচকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
ইসলামাবাদে ইরনা-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পাকিস্তান এখনও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং মধ্যস্থতাকারী পরিবর্তনের বিষয়ে ইরানের কোনো সিদ্ধান্ত নেই।
সূত্র: সিএনএন
ডিবিসি/কেএলডি