আন্তর্জাতিক

চুক্তি পছন্দ না হলে তাদের মাথায় বোমা ফেলব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আসন্ন চুক্তিটি যদি তার মনঃপূত না হয় বা ইরান যদি যথাযথ আচরণ না করে, তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে হামলা চালাবে। এক্ষেত্রে প্রয়োজনে তাদের 'মাথার ঠিক মাঝখানে' বোমা ফেলারও সরাসরি হুমকি দিয়েছেন তিনি।

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। দীর্ঘ কয়েক মাস ধরে চলা সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। আগামী শুক্রবার এই চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্টের এমন আগ্রাসী মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

আসন্ন এই চুক্তিটিকে অত্যন্ত শক্তিশালী বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটি চূড়ান্ত না হলেও তিনি জানান, চুক্তির বিস্তারিত এখনো সবার অজানা থাকলেও এটি অত্যন্ত কার্যকর হতে যাচ্ছে। পাশাপাশি, আগামী এক-দুদিনের মধ্যেই হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

এদিকে, এই সম্ভাব্য চুক্তির খবরের ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট উচ্ছ্বাস প্রকাশ করে জানান, চুক্তির আভাস পেয়েই শেয়ার বাজার আকাশ ছুঁয়েছে এবং তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। ট্রাম্পের মতে, বাজারের এই ইতিবাচক অবস্থাই চুক্তির গুরুত্ব সম্পর্কে কথার চেয়েও বেশি কিছু প্রমাণ করে।

 

সূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন