চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দিনদুপুরে একটি পিকআপ ভ্যান থামিয়ে ২৩ বস্তা প্রসেসিং করা চুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, ছিনতাই হওয়া প্রায় ৪০০ কেজি চুলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের পুরাপাড়া এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান তাগিদার জানান, দামুড়হুদার কার্পাসডাঙ্গার বিভিন্ন কারখানা থেকে চুল প্রসেসিং শেষে পিকআপ ভ্যানে করে ঢাকায় পাঠানো হচ্ছিল। ওই চালানে মোট ২২ জন ব্যবসায়ীর ২৩ বস্তা চুল ছিল। তিনি বলেন, ‘চালানে প্রায় ৪০০ কেজি চুল ছিল, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে।’
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, বেলা দেড়টার দিকে পুরাপাড়া নামক স্থানে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে বলে তারা জানতে পেরেছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।