বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি তক্ষকসহ গ্রেপ্তার ১

মেহেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২০শে নভেম্বর ২০২৫ ০৪:২১:৩৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গা জেলার সরিষাডাঙ্গা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩টি 'তক্ষক' উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আব্দুল আজিজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৯শে নভেম্বর) রাত ৮টার দিকে মেহেরপুর র‍্যাব ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

 

মেহেরপুর র‍্যাব-১২ ক্যাম্প কমান্ডার (সিপিসি-৩) লেঃ ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সরিষাডাঙ্গা এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী কেনাবেচা চলছে। এই তথ্যের সত্যতা যাচাইয়ে বুধবার রাতে র‍্যাবের একটি চৌকস দল ওই গ্রামে অভিযান চালায়। অভিযানকালে আব্দুল আজিজের বাড়ি থেকে ৩টি জীবিত তক্ষক উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত তক্ষকগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ র‍্যাবকে জানান, তিনি দীর্ঘ দিন ধরে বন্যপ্রাণী তক্ষক নিজের হেফাজতে রেখেছিলেন। কয়েক বছর আগে তিনি খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকে এই তিনটি তক্ষক ধরে আনেন এবং নিজের বাড়িতে প্লাস্টিকের ঝুড়িতে রেখে লালন-পালন করছিলেন। তিনি অবৈধভাবে বন্যপ্রাণী তক্ষক কেনাবেচার সাথে জড়িত ছিলেন বলেও স্বীকার করেছেন।

 

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে আব্দুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‍্যাব সূত্রে নিশ্চিত করা হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন