বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় তাবিজ-ঝাড়ফুঁকের নামে অপচিকিৎসা, ভুয়া কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কবিরাজি চিকিৎসার নামে তাবিজ-কবজ, ঝাড়ফুঁক ও অপচিকিৎসা দেওয়ার অভিযোগে রিপন হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে কবিরাজি চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ, বই ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি জোয়ার্দারপাড়ায় এ অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রিপন হোসেন দীর্ঘদিন ধরে কবিরাজি পেশার আড়ালে বিভিন্ন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে তাবিজ প্রদান, ঝাড়ফুঁক এবং বিভিন্ন ধরনের অপচিকিৎসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে এই জরিমানা করা হয়।

 

অভিযানকালে তার আস্তানা থেকে কবিরাজি চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ, বই এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভবিষ্যতে আর কখনও এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াবেন না মর্মে অভিযুক্ত ব্যক্তি একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।

 

এই অভিযানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আওলিয়ার রহমান এবং জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন