কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে। এই হামলায় এমপির শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাদের গাড়িচালক সাদ্দাম হোসেন আহত হয়েছেন।
অভিযোগ অনুযায়ী, এই হামলার সঙ্গে হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর দুই ছেলে শাহরিয়ার ও রিমন জড়িত।
আহত আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে এবং তিনি তাঁর বোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে আরেকটি গাড়িতে জীবননগরের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাদের গাড়ির গতিরোধ করে। একাধিকবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি না সরানোয় গাড়িচালক নিচে নেমে কথা বলেন। একপর্যায়ে ইজিবাইক চালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, এই কথোপকথনের সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। পরিস্থিতি দেখে তাঁর বোন গাড়ি থেকে নেমে এলে হামলাকারীরা তাঁকেও এবং এমপি আমির হামজাকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করে।
ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে এমপি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এমপি ও তাঁর পরিবারের সদস্যরা থানায় রয়েছেন এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
ডিবিসি/আরএসএল