চুয়াডাঙ্গা পৌর এলাকার মাছপট্টি কবরস্থানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাছের আড়তে প্রতিদিনের মতো কেনাবেচা চলছিল। এ সময় কবরস্থানের সামনে লাল স্কচটেপে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি সন্দেহজনক মনে হলে আড়তের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে বস্তুটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করেছে। এটি আসলেই কোনো বিস্ফোরক কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।
ডিবিসি/আরএসএল