ভারত

চুরির ভয়ে মাটিতে পুঁতে রাখা সাড়ে ৬ লাখ টাকা খেয়ে ফেলল উইপোকা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুরির হাত থেকে বাঁচিয়ে সঞ্চয়ের টাকা নিরাপদ রাখতে চেয়েছিলে এক কৃষক। কিন্তু সেই সুরক্ষার উদ্যোগই কাল হলো তাঁর জন্য। চোর ও পরিবারের বাড়তি খরচের ভয়ে জমি বিক্রির প্রায় সাড়ে ৬ লাখ টাকা মাটির নিচে পুঁতে রেখেছিলেন তিনি। দীর্ঘ এক বছর পর সেই টাকা তুলতে গিয়ে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগ ফুটো করে উইপোকা সব টাকা খেয়ে টুকরো টুকরো করে ফেলেছে। ব্যাংকে গিয়েও মেলেনি কোনো সমাধান।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের বালোত্রা জেলার পাচপাদ্রা এলাকার নেওয়াই গ্রামে।

 

ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মাঙ্গিলাল মেঘওয়াল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে নিজের জমি বিক্রি করে ৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টাকা) পান মাঙ্গিলাল। 

 

সেই টাকা চুরি যাওয়ার ভয় এবং পরিবারের অপ্রয়োজনীয় খরচ এড়ানোর তাগিদে তিনি কাউকে কিছু না জানিয়ে একটি প্লাস্টিকের ব্যাগে ভরে নিজের ১০ বিঘা জমির একটি নির্দিষ্ট গর্তে পুঁতে রাখেন। কিন্তু কিছুদিন পর খামারে ঘর তোলার প্রয়োজনে টাকাগুলো তুলতে গিয়ে তিনি গর্তের সুনির্দিষ্ট স্থানটি আর মনে করতে পারেননি।

 

এরপর উপায় না পেয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানান মাঙ্গিলাল। সবাই মিলে পুরো জমিতে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও দীর্ঘ সময় কোনো সন্ধান পাননি। অবশেষে এক বছর পর বর্ষাকালে জমি থেকে প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু ব্যাগটি তোলার পর দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে যায় তাঁদের। দেখা যায়, ব্যাগে পানি ঢুকে এবং উইপোকার আক্রমণে ৫০০ টাকার নোটগুলোর বড় অংশই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং নোটগুলো একদম টুকরো টুকরো হয়ে গেছে।

 

নোটগুলোর এই করুণ দশা দেখে পরিবারে কান্নাকাটি শুরু হয়। পরে একটু আশার আলো খুঁজতে মাঙ্গিলাল পরিবারকে নিয়ে প্রথমে পাচপাদ্রা এবং পরবর্তীতে বালোত্রার স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)-এর প্রধান শাখায় যান। কিন্তু নোটগুলোর অবস্থা এতটাই শোচনীয় ও অতিরিক্ত মাত্রায় ক্ষতিগ্রস্ত ছিল যে, রিজার্ভ ব্যাংকের সুনির্দিষ্ট নীতি ও নিয়মাবলীর কথা বলে ব্যাংক কর্মকর্তারা তা পরিবর্তন করতে পরিষ্কার অস্বীকৃতি জানান।

 

এদিকে ব্যাংকে টাকা নিরাপদে না রেখে এমন অবুঝের মতো মাটিতে পুঁতে রাখার জন্য বর্তমানে মাঙ্গিলালকে তীব্র ভর্ৎসনা করছেন তার স্ত্রী ও সন্তানেরা। পরিবারের একমাত্র সম্বল সেই কষ্টার্জিত সঞ্চয় এভাবে উইপোকার পেটে চলে যাওয়ায় এখন চরম বিপাকে ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে কৃষক মাঙ্গিলালের পরিবার।

 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন