চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর শহরের হঠাৎপাড়া এলাকায় রাস্তার মাঝখান থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১০ মে) রাত আনুমানিক ১০টার দিকে স্থানীয় পথচারীরা রাস্তার ওপর লাল টেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখেন। বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো হওয়ায় তাৎক্ষণিকভাবে এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা বিষয়টি দর্শনা থানা-পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে রাতেই দর্শনা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। পরে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে বস্তুটি আসল বিস্ফোরক কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই কে বা কারা বোমাসদৃশ বস্তুটি রাস্তায় ফেলে রেখে গেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
ডিবিসি/কেএলডি