চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে জুলফিকার আলী (২২) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তের ৭৬ নং মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
আটক জুলফিকার আলী দর্শনা জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে ও দর্শনা পৌর এলাকার রামনগরের একটি বিস্কুট ফ্যাক্টরির কর্মচারী।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় কয়েকজন সঙ্গীকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় যান জুলফিকার। এ সময় দর্শনা-গেদে চেকপোস্টের ৭৬ নং মেইন পিলার এলাকায় অবস্থানকালে গেদে বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যেতে সক্ষম হলেও জুলফিকারকে বিএসএফ সদস্যরা মারধর করতে করতে ভারতীয় অংশে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তবে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জয়নগর গ্রামের কয়েকজন যুবক জিরো পয়েন্ট এলাকায় গিয়ে দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনীর কিছু অংশ খোলার চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে জুলফিকারকে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, আটক যুবককে ভারতের গেদে রানাঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তারা জানতে পেরেছেন।
ডিবিসি/এইচএপি