চুয়াডাঙ্গার জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়া ট্রাক্টরের নিচে প্রায় তিন ঘণ্টা চাপা পড়ে থাকা চালক হযরত আলীকে (৩০) জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা। এক্সকেভেটর (ভেকু) এনে চালানো বিশেষ অভিযানে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে জীবননগর উপজেলার নারায়নপুর-সুবলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া হযরত আলী জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারপাড়া গ্রামের জুলহকের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে নারায়নপুর-সুবলপুর মোড়ে নিজের ট্রাক্টর পানি দিয়ে পরিষ্কার শেষে বাড়ি ফিরছিলেন হযরত আলী। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে পথ ছেড়ে দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যেই ভারি ট্রাক্টরের নিচে আটকা পড়েন চালক।
ঘটনার পরপরই স্থানীয়দের খবরে জীবননগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরিস্থিতি জটিল হওয়ায় পরবর্তীতে একটি ভেকু (এক্সকেভেটর) এনে ট্রাক্টরটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় হযরত আলীকে নিরাপদে উদ্ধার করা হয়।
জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খালিদ বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ভেকুর সাহায্যে ট্রাক্টরটি সরিয়ে চালক হযরত আলীকে কোনো বড় আঘাত ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন