চুয়াডাঙ্গায় হঠাৎ বয়ে যাওয়া এক ঘণ্টার কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতের এই ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ভুট্টা, ধান, পান ও আমের গুটিসহ ফসলি মাঠের ব্যাপক ক্ষতি হয়। বিশেষ করে ঝোড়ো হাওয়ায় অসংখ্য ভুট্টা ক্ষেত মাটিতে লুটিয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট আবাদকৃত ৯৭ হাজার ৩৬৯ হেক্টর জমির মধ্যে প্রায় ৩৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভুট্টার, যার পরিমাণ ২৬৩ হেক্টর।
এছাড়া ৬০ হেক্টর বোরো ধান, ৪১ হেক্টর কলা, ১১ হেক্টর পেঁপে, ১২ হেক্টর সবজি, ৫ হেক্টর আম এবং ৩ হেক্টর পানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঝড়ের কারণে ফলনের প্রকৃত ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী জানান, আকস্মিক ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বর্তমানে মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
এদিকে, ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ ও ডালপালা ভেঙে পড়ায় মঙ্গলবার রাতে সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ডিবিসি/আরএসএল