চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদ্দাম হোসেন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বিএডিসি ফার্ম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার বাসিন্দা আলম হোসেনের ছেলে। পারিবারের পক্ষ থেকে বলা হয়, গভীর রাতে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের বিএডিসি ফার্মে আম কুড়াতে যান সাদ্দাম। এ সময় সেখানে ছিঁড়ে বা ঝুলে থাকা বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত স্পর্শ লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক জুনায়েদ জানান, রাত আড়াইটার দিকে সাদ্দামকে হাসপাতালে আনা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডিবিসি/কেএলডি