জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় তেল পাম্পে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খলা, যুবকের ১ মাসের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার জীবননগরে মদ্যপ অবস্থায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে শহরের জীবননগর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত সিফাত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তেলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিফাত হোসেন মদ্যপ অবস্থায় ফিলিং স্টেশনে এসে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই লাইনে না দাঁড়িয়ে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করেন। এ সময় পাম্পের কর্মীরা তাকে সতর্ক করে ফুয়েল কার্ডসহ নিয়ম মেনে লাইনে দাঁড়ানোর অনুরোধ করলে তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন এবং উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ান।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হলে সিফাত তার সঙ্গেও অশোভন আচরণ করেন। এ ঘটনায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর অপরাধে ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন