বাংলাদেশ, জেলার সংবাদ

চুয়াডাঙ্গায় নিয়ম ভঙ্গ করে তেল নেয়ায় পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই এপ্রিল ২০২৬ ০৫:১৬:২৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গায় ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০০ টাকা জরিমানা করার ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করেছে জেলা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অবস্থান পরিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত ওই পুলিশ সদস্য গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে সরকারি প্রয়োজনে জ্বালানি তেল সংগ্রহ করতে যান। সে সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা জরিমানা করেন।

 

ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করে জেলা পুলিশ জানায়, গত ২৯ মার্চ ২০২৬ তারিখ থেকে জ্বালানি সংকটের কারণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিকল্প লাইনে তেল সংগ্রহের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্টরা নিয়মিত বিকল্প লাইনে তেল সংগ্রহ করছিলেন।

 

 

উক্ত পুলিশ সদস্যও সরকারি দায়িত্ব পালনের স্বার্থে সেই নির্ধারিত বিকল্প লাইন ব্যবহার করতে গেলে জরিমানার মুখে পড়েন। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, বাংলাদেশ পুলিশ সর্বদা জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। জ্বালানি সংকট মোকাবিলায়ও পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এমন পরিস্থিতিতে একজন ডিউটিরত সদস্যের ওপর এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ পুলিশের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের মধ্যে যথাযথ সমন্বয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন