চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে স্বর্ণসদৃশ পাঁচটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে খোরদ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে একটি বাড়ির মাটির নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে যায়, সোমবার বিকেলে বিজিবির একটি টহল দল খোরদ গ্রামের মোজাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ঘরের কোণে মাটির নিচে পুঁতে রাখা একটি পিতলের কলসি উদ্ধার করা হয়। কলসটির ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের মতো দেখতে পাঁচটি মূর্তি পাওয়া যায়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মূর্তিগুলো প্রাথমিকভাবে স্বর্ণের তৈরি বলে মনে হচ্ছে। তবে এগুলো প্রকৃত স্বর্ণ নাকি অন্য কোনো ধাতু, তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষার প্রয়োজন। বর্তমানে মূর্তিগুলোর ওজন ও সম্ভাব্য বাজারমূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও বিজিবি পক্ষ থেকে জানানো হয়। এদিকে পিতলের কলসিতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ডিবিসি/এসএফএল