কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চা বিক্রির একটি ব্যাঙ্গাত্মক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী রাগিনী নায়েক। আর তা নিয়েই ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার শীতকালীন অধিবেশনে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) রাতে কংগ্রেস নেত্রী রাগিনী নায়েক ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী মোদী একটি চায়ের কেটলি ও কাপের পাত্র হাতে নিয়ে কোনো একটি আন্তর্জাতিক আয়োজনে হাঁটছেন এবং লোকজনকে চেঁচিয়ে চা খাওয়ার জন্য ডাকছেন।
মোদী অতীতে নিজেই উল্লেখ করেছেন শৈশবে তিনি গুজরাটের ভাদনগর স্টেশনে তাঁর বাবার চায়ের দোকানে সাহায্য করতেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগেও কংগ্রেস নেতা মনীশঙ্কর আইয়ার মোদীর সাধারণ পটভূমি নিয়ে বিদ্রূপ করেছিলেন। এক দশক পর আবারও 'চা' ঘিরে কংগ্রেস নেত্রীর এই মন্তব্যে বিজেপি চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে।
বিজেপির জ্যেষ্ঠ নেতা সিআর কেসাভান এই পোস্টটিকে কংগ্রেসের 'পতিত মানসিকতার প্রকাশ' বলে আখ্যা দেন। তিনি বলেন, এই নোংরা টুইট ১৪০ কোটি পরিশ্রমী ও মেধাবী ভারতীয়কে অপমান করেছে। এটি অন্যান্য অনগ্রসর শ্রেণির ওপর সরাসরি আক্রমণ।
কেসাভান আরও বলেন, জনগণ বারবার পরিশ্রমী মোদীকেই বেছে নিয়েছে, যা রাহুল গান্ধী ও কংগ্রেসের সহ্য হয় না।
বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, কংগ্রেস কোনো দিনই দরিদ্র ঘর থেকে উঠে আসা ওবিসি সম্প্রদায়ের প্রধানমন্ত্রীকে মেনে নিতে পারেনি। তিনি অভিযোগ করেন যে, কংগ্রেস আগেও মোদীর 'চায়েওয়ালা' পটভূমি নিয়ে বিদ্রূপ করেছে এবং ১৫০ বারেরও বেশি তাঁকে গালি দিয়েছে। পুনাওয়ালার দাবি, মানুষ এসব অপমান ক্ষমা করবে না।
তথ্যসূত্র এনডিটিভি
ডিবিসি/এমইউএ