খেলাধুলা, ফুটবল

চ্যাম্পিয়নস লিগে ‘কামব্যাক’ হলো না রিয়ালের!

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ অ্যালিয়ানজ অ্যারেনায় ৪-৩ ব্যবধানে জয় পায় জার্মান জায়ান্টরা।

এর আগে প্রথম লেগে রিয়ালের মাঠে ২-১ ব্যবধানে জিতেছিল বায়ার্ন। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারের টিকিট কাটল টমাস টুখেলের শিষ্যরা।

 

ম্যাচের শুরুতেই নাটকের জন্ম দেন আরদা গুলার। বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের মারাত্মক ভুলে ম্যাচের মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় গোল করে রিয়ালকে লিড এনে দেন এই তুর্কি তরুণ, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ক্লাবটির দ্রুততম গোল। তবে এই ব্যবধান বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বায়ার্ন; ষষ্ঠ মিনিটেই আলেকজান্ডার পাভলোভিচের গোলে সমতায় ফেরে তারা। ২৯ মিনিটে আরদা গুলার তার দ্বিতীয় গোল করে রিয়ালকে আবারও এগিয়ে নিলেও ৩৯ মিনিটে হ্যারি কেনের গোলে আবারও সমতায় ফেরে বায়ার্ন। প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপে গোল করলে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন ৪-৪ সমতায় দাঁড়ায়।

 

দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা বায়ার্ন ম্যাচের শেষ দিকে রিয়ালকে কোণঠাসা করে ফেলে। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। এই সুযোগ কাজে লাগিয়ে ৮৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন লুইস দিয়াজ। এরপর ইনজুরি টাইমে মাইকেল অলিস আরও এক গোল করলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত হয় বায়ার্নের। ফাইনালে ওঠার লড়াইয়ে এখন ফরাসি ক্লাব পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন