খেলাধুলা, ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম আজ রাতে মাঠে গড়াচ্ছে। তবে ইউরোপীয় ফুটবলের এই মহাযজ্ঞ শুরুর আগে নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি শোক ও সংহতি জানাবে উয়েফা। সংস্থাটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ১৮টি ম্যাচ শুরুর আগেই এক মিনিট নীরবতা পালন করা হবে। পাশাপাশি হিমালয়ের দেশটির দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিতে মাঠে ‘নেপাল, তোমরা একা নও’ লেখা ব্যানার প্রদর্শন করা হবে।

নতুন মৌসুমের প্রথম দিনে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হলেও ফুটবলপ্রেমীদের মূল নজর থাকবে সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানে বহুল আলোচিত ‘মরিনিও ডার্বি’তে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। ১৬ বছর আগে এই বার্নাব্যুতেই ইন্টারকে ঐতিহাসিক ট্রেবল জিতিয়েছিলেন পর্তুগিজ কোচ জোসে মরিনিও। ১৩ বছর পর আবারও রিয়ালের ডাগআউটে ফেরা এই কোচের জন্য আজকের ম্যাচটি একটি বড় পরীক্ষা। লা লিগায় সম্প্রতি রিয়াল বেতিসের কাছে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ আজ আতিথ্য দেবে সেরি-আঁ লিগে টানা তিন জয়ে উড়তে থাকা ইন্টার মিলানকে। উল্লেখ্য, এবারের লিগপর্বে রিয়ালের আট প্রতিপক্ষের ছয়টিই ইউরোপের বিভিন্ন ঘরোয়া লিগের চ্যাম্পিয়ন।

 

এবারের চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হচ্ছে নতুন সংস্করণে। নতুন নিয়মে ৩৬টি দলের প্রত্যেকে লিগপর্বে আটটি করে ম্যাচ খেলবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেবে। এই আসরে পিএসজির সামনে চ্যাম্পিয়নস লিগ যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা তিনবার শিরোপা জয়ের হাতছানি রয়েছে। তবে লিগপর্বে ম্যানসিটি, বার্সেলোনা ও অ্যাস্টন ভিলার মতো শক্ত প্রতিপক্ষ থাকায় তাদের পথটি বেশ কঠিন হবে। পাশাপাশি গত আসরের রানার্সআপ আর্সেনালও এবারের শিরোপার অন্যতম বড় দাবিদার হিসেবে মাঠে নামছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন