লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ওমানপ্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শাহ আলম উপজেলার দুহুলী এলাকার রমজান আলীর ছেলে।
এর আগে একই দিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহ আলমকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। লালমনিরহাট জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীয় নীতি-আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে শাহ আলমের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহ আলম ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। এ সময় বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী রোজিনা বেগমকে লাঠি দিয়ে মারধর করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রোজিনা বেগম বাদী হয়ে শাহ আলমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে অভিযান চালিয়ে হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।