রাজনীতি

ছাত্র ইউনিয়ন ছাড়লেন মেঘমল্লার বসু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণের প্রেক্ষিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর তাঁর দাখিল করা পদত্যাগপত্র গ্রহণ করেছে ছাত্র ইউনিয়ন।

একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্র গ্রহণ এবং কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  তথ্যটি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিটিতে বলা হয়, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার ফলে একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। তাঁদের রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই সাংগঠনিক বাস্তবতার কারণে নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

ছাত্র ইউনিয়ন জানায়, সংগঠনের আদর্শ ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদায়ী নেতাদের দায়িত্ব পালনকালীন অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করেছে সংগঠনটি।

 

এ বিষয়ে মেঘমল্লার বসু বলেন, ‘মাঈন আর আমি এনপিএতে (নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন) যুক্ত হয়েছি। এখন এনপিএতে কাজ করতে চাই। দুটি সংগঠনে একসাথে নীতিনির্ধারণী ফোরামে থাকা সমীচীন না। তাই ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছি।’

 

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)।

 

'জনগণের শক্তি, আগামীর মুক্তি' স্লোগানে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটির ঘোষিত কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যদের মধ্যে মেঘমল্লার বসু ও নাজিফা জান্নাতের নাম রয়েছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষাকে পাঁচটি মূলনীতি হিসেবে ঘোষণা করে এনপিএ।

 

এর আগে মেঘমল্লার বসু ডাকসু নির্বাচনে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট 'গণতান্ত্রিক ছাত্র জোট' সমর্থিত 'প্রতিরোধ পরিষদ' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটিতে আসার আগে তিনি ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।

আরও পড়ুন