বাংলাদেশ, জেলার সংবাদ

ছুটি শেষে সাভারে কাজে ফিরে প্রায় ২০০০ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাভারে আল-মুসলিম গ্রুপের তিনটি পোশাক কারখানায় ১৮৬৮ জন পোশাক শ্রমিককে ছাঁটাই করেছে কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

শনিবার (৬ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাস স্ট্যান্ডের আল-মুসলিম পোশাক কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে শ্রমিকরা। এছাড়া সাভারের রেডিও কলোনী এলাকায় আল-মুসলিমের অপর একটি কারখানার সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন।

 

সরেজমিনে জানা যায়, ঈদের ছুটির পর শনিবার খোলে আল-মুসলিমের তিনটি পোশাক কারখানা। তাই অন্যবারের মতোই কারখানায় কাজে যোগ দিতে আসেন শ্রমিকরা। এসময় গেটের দারোয়ান শ্রমিকদের ফটকের সামনে নোটিশ দেখতে বলেন। পরে ছাঁটাইয়ের নোটিশ দেখে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে সাভারের উলাইল বাসস্ট্যান্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

 

এরপর উত্তেজিত শ্রমিকরা সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ সাজোয়াজান দিয়ে অবস্থান নেয়।

 

জয়নব নামে এক নারী পোশাক শ্রমিক জানান, আমি তিন বছর ধরে আল-মুসলিমে কাজ করছি। এবার ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে গিয়েছিলাম। সেসময়  বিকাশে এক মাসের বেতন দেওয়া হয়েছে। এরপরে একটি এসএমএস দিয়ে ছাঁটাই করা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের দাবি, হঠাৎ ছাঁটাই না করে চাকরিতে পুর্নবহাল করা হোক। অন্যথায় তিন মাসের বেতন দেওয়ার দাবি জানান তিনি।

 

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা করা হয়। এছাড়া মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

আল মুসলিম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান জানান, শ্রমিকদের ২০ ধারা অনুযায়ী ছাঁটাই করা হয়েছে এবং তাদের পাওনা এক মাসের বেতন পরিশোধ করা হয়েছে। তবে, শ্রমিকদের ২৬ ধারায় তিন মাসের বেতন পরিশোধের বিষয়ে শিল্প পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, শুধু এক মাসের বেতন কোনো শ্রমিক না পেয়ে থাকলে তাদের বিষয়গুলো নিয়ে কথা বলা হচ্ছে বলে জানান।


ডিবিসি/ এইচএপি
 

আরও পড়ুন