ভারতে প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ছাত্র আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ছোটবেলায় নিজের ছাত্র থাকাকালীন সময়ের একটি ছবি প্রকাশ করে এই সমর্থন জানান তিনি।
সম্প্রতি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে এই প্রতিক্রিয়া জানান।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় সালমান খান জানান, এমন একটি শান্তিপূর্ণ আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে দেশের তরুণদের এই ঐক্যবদ্ধ অবস্থান ও তাদের প্রতি অভিভাবকদের সমর্থন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের এই সাহসিকতা ও একাগ্রতা ভারতকে ভবিষ্যতে গর্বিত করবে বলে তিনি মন্তব্য করেন।
এই ইস্যুটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করারও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। শিক্ষা একসময় দারুণ ট্রেন্ডি ও ফ্যাশনেবল বিষয়ে পরিণত হবে এবং ভারত ভবিষ্যতে একটি বৈশ্বিক শিক্ষাকেন্দ্রে পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গত সোমবার দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন অভিমুখে পদযাত্রা করার সময় পুলিশের সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের দাবি, আন্দোলনকারীরা নির্দেশ অমান্য করে উগ্র আচরণ করায় বাধ্য হয়ে তারা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ এবং সাদাপোশাকের কিছু লোক বিনা উসকানিতে তাদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষাক্ষেত্রের অনিয়মের প্রতিবাদে 'ককরোচ জনতা পার্টি' বা সিজেপি-এর নেতৃত্বে গত এক মাস ধরে যন্তর মন্তরে অবস্থান করছেন শিক্ষার্থীরা। বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই আন্দোলনে সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সাথে আন্দোলনকারীদের বৈঠক হলেও কোনো সমাধান না আসায় এখনো বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ডিবিসি/এসএস