রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাই ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র।
আজ শনিবার (২৭শে ডিসেম্বর) বনানী কবরস্থানে গিয়ে ছোট ভাইয়ের কবরের পাশে কিছুক্ষণ সময় কাটান তারেক রহমান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারতের সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ১৯৬৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০১৫ সালের ২৪শে জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং জাফিয়া রহমান ও জাকিয়া রহমান নামে দুই কন্যা সন্তান রেখে গেছেন।
ডিবিসি/এএমটি