জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে আংশিক ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৭ই জানুয়ারি) ঘোষিত চার কেন্দ্রের ফলাফলে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এই তিনটি কেন্দ্রীয় পদেই এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।
এদিন বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচতলায় স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফার্মেসি ও লোকপ্রশাসন বিভাগের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ ও এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ৯১, জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ৪৫ ও এজিএস প্রার্থী তানজিল ৪৫ ভোট পেয়েছেন। ফার্মেসি বিভাগেও তিনটি পদে এগিয়ে আছে শিবির।
এখানে ভিপি পদে রিয়াজুল ৭৮, জিএস পদে আব্দুল আলিম ৮৩ ও এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। বিপরীতে ছাত্রদলের রাকিব ৫৩, খাদিজাতুল ২৬ ও তানজিল ৪৫ ভোট পেয়েছেন।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি ও জিএস পদে শিবির এগিয়ে থাকলেও এজিএস পদে বেশি ভোট পেয়েছে ছাত্রদল। এ বিভাগে ভিপি পদে রিয়াজুল ১২৮ ও জিএস পদে আব্দুল আলিম ১২৩ ভোট পেয়েছেন। তবে এজিএস পদে ছাত্রদলের তানজিল ১২৬ ভোট পেয়ে শিবিরের মাসুদ রানাকে (১০২ ভোট) পেছনে ফেলেছেন।
অন্যদিকে লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে ছাত্রদলের রাকিব ১৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে শিবিরের রিয়াজুল পেয়েছেন ১২২ ভোট। তবে এ বিভাগের জিএস ও এজিএস পদে শিবিরের প্রার্থীরা যথাক্রমে ১২৩ ও ১৩০ ভোট পেয়ে এগিয়ে আছেন।
ঘোষিত এই চার কেন্দ্রের মোট ফলাফলে ভিপি পদে শিবিরের রিয়াজুল ইসলাম ৪২৭ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন, যেখানে ছাত্রদলের এ কে এম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের আব্দুল আলিম ৩৮৫ ভোট নিয়ে এগিয়ে আছেন, বিপরীতে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২০৫ ভোট। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা ৪০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এবং ছাত্রদলের তানজিল পেয়েছেন ৩২১ ভোট।
ডিবিসি/এনএসএফ