দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে রাজপথে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে। তবে রাজনীতির সুস্থ ধারা ও দেশের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে জামায়াত নির্বাচনের ফল মেনে নিয়েছে।
জামায়াত আমির দাবি করেন, গত নির্বাচনে ব্যাপক 'ইঞ্জিনিয়ারিং'-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। বর্তমান সরকারের একজন মন্ত্রী ও সাবেক এক উপদেষ্টার বক্তব্যেই নির্বাচনে কারচুপির প্রমাণ স্পষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সরকার সংবিধানকে ইচ্ছামতো সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করছে। এ অবস্থায় জনস্বার্থ রক্ষায় ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে বলেও তিনি জানান।
নব্য ফ্যাসিবাদকে অতীতের চেয়েও ভয়ংকর আখ্যা দিয়ে তিনি বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে এই নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে এবং প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। একইসঙ্গে তিনি গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। এ সময় তিনি গণমাধ্যমের প্রতি সত্যকে সত্য বলার আহ্বান জানিয়ে বলেন, বক্তব্যের আংশিক বা ‘কাটপিস’ প্রচার না করে হয় পুরোটা প্রকাশ করা হোক, নতুবা কিছুই যেন প্রকাশ করা না হয়। পরিশেষে, সংসদ ও রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে এবং আর্থিক সম্পদ রক্ষায় জনগণের পাশে থাকবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
ডিবিসি/এফএইচআর