জনগণের অধিকার আদায়ের প্রশ্নে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংসদের ভেতরে এবং বাইরে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
শনিবার (১১ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলামকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি ও সরকারের কঠোর সমালোচনা করে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, "যারা মানুষ খুন করে পার্লামেন্টে যায়, তারা দেশের মানুষের জন্য কী করবে?"
জানা গেছে, গত ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম। উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন বেলা সোয়া তিনটায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। আজ শনিবার সেই আহত নেতাকে দেখতে হাসপাতালে যান দলটির আমির এবং সেখানে তিনি সরকার ও বিএনপির রাজনীতির তীব্র সমালোচনা করে বলেন সরকার জনগণকে দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।
হাসপাতালে আহত নেতাকে পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম, ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান ইমরুলসহ দলটির স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা।
ডিবিসি/পিআরএএন