আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের চাটুকার না হয়ে জনগণের পুলিশ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনারা আপনাদের কাজের মধ্য দিয়েই হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনবেন-ইনশাআল্লাহ। মনে রাখবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলই ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে।’
তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি বিবেক ও সম্মান বিসর্জন দেন, তবে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, তারা নিজেদের বিবেকের কাছে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।
প্রশাসনের নিরপেক্ষতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা চাই, আপনারা জনগণের পুলিশ হয়ে উঠবেন, রাষ্ট্রের প্রশাসন হয়ে উঠবেন। কোনো রাজনৈতিক দলের চাটুকার হবেন না। রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকেই দায়িত্ব পালন করবেন।’
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে আপসহীন অবস্থানের কথা তুলে ধরে সারজিস আলম বলেন, ‘আমরা বাংলাদেশে বাংলাদেশপন্থী সরকার চাই।’
সীমান্তে হত্যা ও পুশইন প্রসঙ্গে তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সীমান্তে যদি আর একটি হত্যাকাণ্ড ঘটে, যদি আবার পুশইনের মাধ্যমে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়, তখন আমরা দেখব না কে সরকারে আছে; আমরা দেখব রাষ্ট্রের পক্ষে কার অবস্থান।’
তিনি তাঁর বক্তব্যের শেষে দৃঢ়তার সাথে জানিয়ে দেন, যারা জনগণের অধিকার ও রাষ্ট্রের স্বার্থ রক্ষায় আপসহীন থাকবে, তাঁরা কেবল সেই 'বাংলাদেশপন্থী' সরকারের সঙ্গেই থাকবেন।
ডিবিসি/এমএনকে