তামিলনাড়ুর গণপরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী বদল আসতে চলেছে। রাজ্য সরকার এখন থেকে শুধুমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত বাসই সংগ্রহ বা ক্রয় করবে। মুখ্যমন্ত্রী বিজয়ের ইচ্ছেকে মান্যতা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী বিজয় তামিলান পার্থিবন। তিনি জানান, মুখ্যমন্ত্রী চান রাজ্যের সাধারণ মানুষ যেন আরও বেশি এবং আরামদায়কভাবে যাতায়াত করতে পারেন।
গত রবিবার সালেম জেলায় শাসক দল টিভিকে-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পরিবহন মন্ত্রী। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিজয় চান তামিলনাড়ুর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলের সাথে যেন বাস যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। শুধু তাই নয়, বাসে যেন এমন সব সুযোগ-সুবিধা থাকে যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ- এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীও অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রী বিজয় একটি সরকারি বাসে যাতায়াত করেছিলেন। সেই অভিজ্ঞতার পরই তিনি ইচ্ছা প্রকাশ করেন যে, রাজ্যের প্রতিটি নতুন সরকারি বাসে যেন বাধ্যতামূলকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে।
গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী বিজয় রাজ্যজুড়ে ৩০০টি নতুন বাসের একটি বড় বহরের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাকে একজন বাস কন্ডাক্টরের সাথে কথাও বলতে দেখা যায়।
পরিবহন দপ্তরের পদস্থ আধিকারিক ও মন্ত্রীদের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। রাজ্যের শাসক দল টিভিকে-এর মূল লক্ষ্য হলো তামিলনাড়ুর বর্তমান গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ করা এবং রাজ্যের প্রতিটি কোণায় উন্নত যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়া।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডিবিসি/এসএফএল