জাতীয়

জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ দেয়া হবে না: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বিকালে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে ফ্যাসিবাদের দোসর বলে, তারাই এখন স্বৈরাচার ও ফ্যাসিবাদের সাথে ঢাকার বাইরে গোপনে বৈঠক করছে। যারা ১৯৭১ এবং ২০০৮ সালে মানুষকে বিভ্রান্ত করেছিল, তারা ২০২৬ সালেও একই চেষ্টা করছে উল্লেখ করে দেশবাসীকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান জানান, দেশের মানুষের শান্তি নষ্ট করার বা ১৭৩ দিন হরতাল করার মতো কোনো সুযোগ আর কাউকে দেওয়া হবে না। 

 

জনসভায় সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি কার্ডের আওতা হাজার থেকে লাখে এবং পর্যায়ক্রমে তা কোটিতে উন্নীত করা হবে। এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে থাকা অনেক কল-কারখানা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন তিনি। 

নারী শিক্ষার প্রসারে যুগান্তকারী ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্বে থাকার সময় মা-বোনদের শিক্ষিত করার জন্য ম্যাট্রিক পর্যন্ত এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষাব্যবস্থা অবৈতনিক করেছিলেন। তার সেই অসমাপ্ত কাজ পূরণের লক্ষ্যে বর্তমান সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে।

 

দুপুর আড়াইটায় শুরু হওয়া এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহেদ আলম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রমুখ। জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় উলশী খাল পুনঃখনন, হরিনারবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দড়াটানায় যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন