আরব নিউজের প্রতিবেদন

জনগণ আমাদের ভোট দেবে; নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১১ই ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসন কাটিয়ে দেশে ফেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবারের (১২ ফেব্র্রুয়ারি) জাতীয় নির্বাচনে দলের নিরঙ্কুশ জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বিশ্বাস করেন, টানা ১৭ বছরের বেশি সময় ধরে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রামের পর জনগণ এবার ব্যালটের মাধ্যমে বিএনপির পক্ষেই রায় দেবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকায় আরব নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

 

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আমরা দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকারের জন্য রাজপথে সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, জনগণ আমাদের ভোট দেবে এবং ইনশাআল্লাহ আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করব।

 

বৃহস্পতিবার অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপি ছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও ৫০টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে। ধারণা করা হচ্ছে, জামায়াতে ইসলামী পরবর্তী সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে। অন্যদিকে, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে এই নির্বাচনে নিষিদ্ধ করা হয়েছে। 

 

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধাপরাধের তদন্তের স্বার্থে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। জাতিসংঘের মানবাধিকার অফিসের তথ্যমতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তৎকালীন সরকারের দমন-পীড়নে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন।

 

২০০৮ সালে দেশ ত্যাগের পর লন্ডনে নির্বাসিত জীবন কাটানো তারেক রহমান গত ডিসেম্বরের শেষ দিকে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে ঢাকা পর্যন্ত লাখো জনতা তাকে সংবর্ধনা জানায়। বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কয়েকদিন পর তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের পদ গ্রহণ করেন।

 

 নির্বাচনে জয়ী হলে প্রথম ১৮০ দিনের মধ্যে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার, গণতান্ত্রিক সংস্কার এবং ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। তারেক রহমান বলেন, তাদের কর্মসূচিতে ১ কোটি মানুষের কর্মসংস্থান, আইসিটি খাতের বিকাশ এবং এআই-চালিত প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

 

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলে তার প্রথম সফরের গন্তব্য হবে সৌদি আরব। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি জানান, বিএনপির পররাষ্ট্রনীতি হবে ‘জাতীয় স্বার্থ’ কেন্দ্রিক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে তারেক রহমান বলেন, আমরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটি কোনো রাজনৈতিক আক্রোষ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্ন।

 

নিজের বিরুদ্ধে আনা অতীতের সকল দুর্নীতির অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করে তিনি বলেন, সকল প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ফিরেছেন এবং এখন একটি ঐতিহাসিক নির্বাচনের অপেক্ষায় আছেন।

 

তথ্যসূত্র: আরব নিউজ

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন