অর্থনীতি

জনতা ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন ও পদোন্নতি জট নিরসনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোটার

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনতা ব্যাংক পিএলসির প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদন, দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসন এবং অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে পদোন্নতিতে বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর শাপলা চত্বরে মানববন্ধন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদ, বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুপারনিউমেরারি পদ সমন্বয় ও নিয়মিতকরণ প্রক্রিয়ার কারণে জনতা ব্যাংকের নিয়মিত পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। ৩১ ডিসেম্বর ২০২৫ কাট-অফ ডেট অনুযায়ী প্রায় ‘৭ হাজার ১৮৬ জন কর্মকর্তা’ পদোন্নতির যোগ্য হলেও তারা এখনো পদোন্নতি থেকে বঞ্চিত।

 

রাষ্ট্রায়ত্ত ব্যাংক কর্মকর্তা ঐক্য পরিষদের আহ্বায়ক মো. মোতাহার হোসেন বলেন, রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের অর্গানোগ্রাম অনুমোদন হলেও জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত অর্গানোগ্রামের প্রস্তাব ১১ ডিসেম্বর ২০২৫ আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানোর পরও এখনো অনুমোদন হয়নি। প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদিত হলে ব্যাংকের জনবল ১৮,০৩৭ থেকে বেড়ে ২১,৮১৭ জন হবে এবং দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসনের সুযোগ সৃষ্টি হবে।

 

মানববন্ধন থেকে দ্রুত অর্গানোগ্রাম অনুমোদন, ৩১ ডিসেম্বর ২০২৪ ও ২০২৫ কাট-অফ ডেট অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি, অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে বৈষম্য দূরীকরণ এবং দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসনের দাবি জানানো হয়।

 

বক্তারা বলেন, এটি শুধু কর্মকর্তাদের পদোন্নতির দাবি নয়, বরং জনতা ব্যাংকের দক্ষতা, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও গ্রাহকসেবার স্বার্থে একটি যৌক্তিক দাবি। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন