বরিশালের মুলাদী উপজেলায় জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত না দিয়ে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে দাওয়াত দেওয়া হয়। এতে কবির মল্লিক ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানের জন্য টাঙানো শামিয়ানাসহ ডেকোরেশনের মালামাল সরিয়ে ফেলার নির্দেশ দেন।
এই বিষয়টিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। সংঘর্ষে গুরুতর আহত মনির, মিজান ও মেজবাসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ডিবসি/টিবিএ