জেলার সংবাদ

জবি শিক্ষার্থী-স্টাফ বহনকারী বাসে হামলা, আহত ৫

মানিকগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও স্টাফ পরিবহনে ব্যবহৃত একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি (ঢাকা মেট্রো-স ১৪-০১৯৪) সিংগাইরের দিকে যাচ্ছিল। ঢাকার হেমায়েতপুর এলাকায় বাসটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লাগে। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। কাউসার সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে।


পরে বাসটি সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে সেখানে কাউসার ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি গ্যাসের পাইপ দিয়ে বাসটিতে হামলা চালান। এ সময় বাসটির জানালার কাচ ভাঙচুর করা হয়।

 

হামলায় বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘হেমায়েতপুর থেকে অটোরিকশায় আসার পথে আমার ছেলে কাউসারের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের স্টাফ ও শিক্ষার্থীরা আমার ছেলে কাউসারকে মারধর করেন। পরে আমার ছেলে রেগে গিয়ে কয়েকজন সহযোগীকে নিয়ে বাসটির কয়েকটি কাচ ভাঙচুর করে।’

 

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘বাস ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন