জাতীয়

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে আধা বেলা ছুটি ঘোষণা

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টে আজ আধা বেলা ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুর খবর পৌঁছানোর পরপরই সুপ্রিম কোর্ট থেকে এই ছুটির সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চেম্বার জজ আদালতের কার্যক্রম আজ পুরোপুরি বন্ধ থাকবে। তবে আপিল বিভাগ সকাল ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগ দুপুর ১টা পর্যন্ত তাদের বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।

 

বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। এছাড়া তিনি জনপ্রতিনিধি হিসেবে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

 

২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী পদত্যাগ করলে, ওই বছরের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

 

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জন্মগ্রহণকারী এই প্রবীণ রাজনীতিক ও আইনজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইনের ডিগ্রিও অর্জন করেছিলেন।
 

আরও পড়ুন