জমিজমা নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নাহিদা বেগম (৫০) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় তার ছেলে মহিবুল্লাহ ওস্তাও গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাহিদা বেগম ওই গ্রামের শরিফুল ওস্তার স্ত্রী। তার ছেলে মহিবুল্লাহ টুঙ্গিপাড়া সরকারি কলেজের ছাত্র। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পরিবারের সদস্যরা জানান, প্রতিবেশী কাদের ওস্তার সঙ্গে তাদের দীর্ঘদিনের জমি বিরোধ ছিল। আদালত শরিফুল ওস্তাদের পক্ষে রায় দিলেও কাদের ওস্তা জোর করে জমি দখল করে রেখেছিলেন। সোমবার সকালে ওই জমিতে বেড়া দেওয়ার কথা ছিল এবং এর আগে রোববার টুঙ্গিপাড়া প্রেসক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবারটি।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে কাদের ওস্তা ও তার ছেলেরা মহিবুল্লাহর ঘরে হামলা চালায়। তারা মহিবুল্লাহকে মারধর শুরু করলে মা নাহিদা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন হামলাকারীরা নাহিদা বেগমকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে হাসপাতালে নেয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত মহিবুল্লাহ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবিসি/টিবিএ