জয়পুরহাটে অসময়ের বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে এবার আমন ধানের ফলনে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফলন কম হওয়ার পাশাপাশি বাজারে ধানের দাম কম থাকায় ব্যাপক লোকসান গুনছেন জেলার কৃষকরা। উৎপাদন খরচ তোলাই এখন তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। যদিও কৃষি বিভাগ লোকসান কাটাতে মৌসুম শেষে ধান বিক্রির পরামর্শ দিচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, জেলায় এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার ৯৫ হেক্টর, কিন্তু ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে ১১৩ হেক্টর জমির ধান নষ্ট হওয়ায় চাষ হয়েছে ৬৯ হাজার ৯৮২ হেক্টর জমিতে। ইতিমধ্যে ১৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। বিঘা প্রতি ফলন পাওয়া যাচ্ছে ১৬ থেকে ১৮ মণ, যা গত বছরের তুলনায় ৪ থেকে ৬ মণ কম।
বর্তমানে বাজারে মোটা আমন ১২০০ টাকা এবং চিকন ধান সর্বোচ্চ সাড়ে ১৩০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কৃষকরা জানান, বিঘা প্রতি আমন উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা, কিন্তু ধান বিক্রি করে তারা পাচ্ছেন সর্বোচ্চ ২০ হাজার টাকা। ফলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচই উঠছে না।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাদিকুল ইসলাম জানান, এবার জেলায় ৩ লাখ ৪০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। তিনি কৃষকদের এখনই হতাশ না হয়ে মৌসুম শেষে ধান বিক্রির মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়ার পরামর্শ দেন।
ডিবিসি/পিআরএএন