জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই ক্ষেতে পুঁতে রেখেছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে নওজোর মাটাগরি গ্রামের মাঠে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে যান। এ সময় একটি ক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির হাত বেরিয়ে থাকতে দেখেন তিনি। আতঙ্কিত হয়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের অন্যান্য কৃষকরা এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহটি অনেকটাই পচে গেছে। নিহতের গলায় আঘাতের চিহ্নের মতো বোঝা যাচ্ছে, যার কারণে প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টার পাশাপাশি এই ঘটনার সাথে কারা জড়িত, তা উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
ডিবিসি/আরএসএল