আন্তর্জাতিক

জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। এই প্রাণহানির ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার (১৮ জুলাই) রাতে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও চরম আকার ধারণ করেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে সেন্টকম ও মিত্র বাহিনীর অভিযানের সময় দুই মার্কিন সেনা নিহত হন। তবে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে খবর পৌঁছানোর আগে নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না। হামলায় আহত অপর চার মার্কিন সেনাকে জর্ডানের হাসপাতালে চিকিৎসার পর ছাড়পত্র দেওয়া হয়েছে এবং সামান্য আহত অন্য সেনারা পুনরায় দায়িত্বে ফিরে গেছেন।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, "বীরদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।" অন্যদিকে, চলতি মাসের শুরুতে নিখোঁজ হওয়া মার্কিন নৌবাহিনীর এক পাইলটকেও মৃত ঘোষণা করা হয়েছে। এর ফলে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।


সেন্টকম জানিয়েছে, জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যদের দ্রুত শাস্তি দিতেই ইরানে এই পাল্টা হামলা চালানো হয়েছে। টানা অষ্টম রাতের এই হামলার মূল উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের হুমকি সৃষ্টির সক্ষমতাকে আরও দুর্বল করে দেওয়া।


শনিবার রাতে এক লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাত উসকে দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনও মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই। যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘অবিস্মরণীয় শিক্ষা’ অপেক্ষা করছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

 

এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আইআরজিসি শনিবার ভোরে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে হামলা চালিয়ে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেছে। যদিও এ বিষয়ে সেন্টকম বাড়তি কোনও মন্তব্য করতে রাজি হয়নি। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতভর তাদের আকাশসীমায় প্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


গত এক সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধের পদক্ষেপ পুনর্বহাল করেছে এবং তেহরান হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। এতে এক মাস পূর্ণ হওয়ার আগেই দুই দেশের মধ্যকার প্রাথমিক যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে ওঠায় শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।


ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৫০ জন নিহত এবং আরও ৫০০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক।

 

সূত্র: বিবিসি

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন